Advertisement

আসন্ন জাতীয় বাজেটে রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার বিষয়টি বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সরকার অতিরিক্ত প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে পাট রপ্তানি খাতসহ বিভিন্ন খাতে রপ্তানি প্রণোদনার জন্য সরকার ৯ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগামী অর্থবছরেও প্রণোদনার হার ও রপ্তানি পরিস্থিতি অপরিবর্তিত থাকলে উৎসে কর দ্বিগুণের মাধ্যমে এই অতিরিক্ত রাজস্ব অর্জনের সম্ভাবনা রয়েছে। তবে এমন সময়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যখন দেশের রপ্তানিকারকরা, বিশেষ করে তৈরি পোশাক খাত রপ্তানি কমে যাওয়া ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপের মুখে রয়েছে।

দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ বিষয়ে মোহাম্মদ হাতেম বলেন, গত কয়েক বছরে রপ্তানি প্রণোদনার হার ধারাবাহিকভাবে কমানো হয়েছে। তাই এর ওপর কর আরও বাড়ানো হলে তা রপ্তানিকারকদের জন্য অযৌক্তিক চাপ তৈরি করবে। তিনি বলেন, “পোশাক রপ্তানি আগেই কমছে। উদ্যোক্তারা এখন নানা সংকটে আছেন। এমন সময়ে কর বাড়ানো হলে পরিস্থিতি আরও কঠিন হবে।”

রপ্তানিকারকদের অভিযোগ, প্রণোদনার অর্থ পেতে নিরীক্ষাজনিত জটিলতা, দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হয়। তাদের মতে, করের হার বাড়লে প্রণোদনার কার্যকর সুবিধা আরও কমে যাবে। বর্তমানে তৈরি পোশাকসহ প্রায় ৪৩টি রপ্তানি খাত প্রণোদনার আওতায় রয়েছে। এসব খাতে প্রণোদনার হার ০.৩০ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত। স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে ১.৫ শতাংশ, ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের জন্য ২ শতাংশ এবং অপ্রচলিত বাজারে রপ্তানিতে ৩ শতাংশ প্রণোদনা দেওয়া হয়।

অন্যদিকে চামড়া ও চামড়াজাত পণ্যে ৬ থেকে ১০ শতাংশ এবং পাট ও পাটজাত পণ্যে ৩ থেকে ১০ শতাংশ পর্যন্ত প্রণোদনা রয়েছে। এনবিআর সূত্র জানিয়েছে, বাজেটসংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে অর্থ বিলের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হবে। সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, দেশে করপোরেট করহার ২২ থেকে ২৭ শতাংশ হওয়ায় রপ্তানি প্রণোদনার ওপর বর্তমান ১০ শতাংশ করহার তুলনামূলক কম। তবে ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্ত রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com