সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস খাতে দক্ষ নারী কর্মী নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। জর্ডানের ‘ফ্রেন্ডস অ্যাপারেল এলএলসি’ প্রতিষ্ঠানে ৫০ জন নারী মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে।
বোয়েসেল সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত কর্মীরা মাসিক ১৩০ জর্ডানিয়ান দিনার (জেডি) মূল বেতন পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
চাকরির শর্ত অনুযায়ী, প্রতিদিন ৮ ঘণ্টা কাজ এবং সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে। ওভারটাইমের সুযোগও থাকবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা পরে নবায়নযোগ্য।

এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের থাকা-খাওয়া, যাতায়াত ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে। যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়াও প্রতিষ্ঠানটি বহন করবে।
তবে নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি, প্রশিক্ষণ ফি, ফিঙ্গারপ্রিন্ট ফি ও স্ট্যাম্প বাবদ কিছু খরচ বহন করতে হবে, যা পরে নিয়োগকারী প্রতিষ্ঠান ফেরত দেবে বলে জানিয়েছে বোয়েসেল।
আগ্রহীদের আগামী ১৫ মে সকাল ৮টার মধ্যে ঢাকার মিরপুরের মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার ও দক্ষতা পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। এ সময় পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
আবেদন করা যাবে বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটে।

