EMMTEX SLN Textile Industry Advertisement Banner

নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে প্রায় ৬০–৭০ লাখ টাকার চোরাইকৃত গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই গার্মেন্টস ফেব্রিক্স উদ্ধার করে চট্টগ্রাম ডিবি পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে উপ-পরিদর্শক মহি উদ্দিন রাজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেব্রিক্সগুলো চট্টগ্রাম থেকে চুরি হওয়া। অভিযান চলাকালে ২ নম্বর চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাসারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যেই ঘর থেকে মালামাল উদ্ধার করা হয়েছে সেটি সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার মালিকানাধীন। এলাকাবাসীর একটি অংশের দাবি, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

তবে অভিযোগ অস্বীকার করে নুরুল হুদা বলেছেন, তিনি অনেক আগেই ঘরটি ভাড়া দিয়েছেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

চট্টগ্রাম ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com