EMMTEX SLN Textile Industry Advertisement Banner

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জট নিরসনে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই উদ্যোগ থেকে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব শান্তির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি দাবি করেন, ইরান দীর্ঘদিন চাপ সহ্য করার পর এখন এই সমঝোতায় আগ্রহ দেখিয়েছে।

ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহায়তা দেবে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে। তার ভাষায়, এতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো অর্থনৈতিকভাবে লাভবান হবে। একই সঙ্গে ইরানও পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ পাবে।

এছাড়া বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’। তিনি বলেন, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার পর হরমুজ প্রণালি কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক করতে এই যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com