EMMTEX SLN Textile Industry Advertisement Banner

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে ‘টেক্সটাইল টুডে’র আয়োজনে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট-এর দশম আসরের ক্যাম্পাস ডে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং দেশের টেক্সটাইল খাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান, আইটিইটি’র সদস্য সচিব ও নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং নিট এশিয়া লিমিটেডের পরিচালক আমির সেলিম। সভাপতিত্ব করেন আইটিইটি’র আহ্বায়ক ও টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রকৌশলী এহসানুল করিম কায়সার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রো টেক্স লিমিটেডের এজিএম জাইদুর রহমান, আর্ক্রোমার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ বদরুদ্দোজা, আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক প্রকৌশলী এএসএম হাফিজুর রহমান নিক্সন, ট্যানাটেক্স কেমিক্যালের টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার (ফিনিশিং, সাউথইস্ট এশিয়া) কুনইয়ারুত কানজানাপাতি (মিন্নি), আপনা অর্গানিকস প্রাইভেট লিমিটেডের কান্ট্রি হেড সন্দীপ দাভে, কোটস বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল সেলস ম্যানেজার মো. আদনান মাহমুদ এবং পিওর কেমিক্যালসের সিইও মো. ফরহাদ হোসেন।

বক্তারা বলেন, টেক্সটাইল খাতে অটোমেশন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে, ফলে দক্ষ জনবলের চাহিদাও বেড়েছে। শুধু একাডেমিক জ্ঞান নয়, নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও বাস্তব দক্ষতাই ভবিষ্যতে সফলতার মূল চাবিকাঠি হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন বলেন, গবেষণার জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট ক্ষেত্র বেছে নিয়ে পরিকল্পিতভাবে এগোতে হবে। টেকসই ও উদ্ভাবনী কাজ ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির সমাপনী বক্তব্যে প্রকৌশলী এহসানুল করিম কায়সার অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিদের ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে ক্যাম্পাস রাউন্ড কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com