জাতীয় পাট দিবসে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সরকারের বিশেষ পুরস্কার

জাতীয় পাট দিবস উপলক্ষে পাট খাতে গবেষণা, উৎপাদন, রফতানি ও উদ্যোক্তা পর্যায়ে বিশেষ অবদানের জন্য ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে সরকার।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরা এবং পাট খাতের উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

পাটবীজ উৎপাদন, গবেষণা, পাট ও পাটজাত পণ্য উৎপাদন এবং রফতানিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে এ বছর মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।এবার পাটবীজ, পাট ও পাটজাত পণ্য গবেষণায় সেরা গবেষক হিসেবে সম্মাননা পেয়েছেন ড. মো. নুরুল ইসলাম।

সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি নির্বাচিত হয়েছেন মো. শাহানুর আলম সেন্টু এবং সেরা পাট উৎপাদনকারী চাষি হয়েছেন মো. আব্দুস সামাদ মন্ডল। পাটজাত পণ্য উৎপাদনে সেরা পাটকল হিসেবে স্বীকৃতি পেয়েছে জুট মিলস লিমিটেড। একই প্রতিষ্ঠানের হেলাল আহমেদ সেরা পাটজাত পণ্য রফতানিকারকের পুরস্কার অর্জন করেছেন। পাটের সুতা উৎপাদনে সেরা পাটকল নির্বাচিত হয়েছে আকিজ জুট মিলস।

প্রতিষ্ঠানটির পরিচালক গোলাম মুর্শিদ বাপ্পী পাটের সুতা রফতানিতে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছেন। বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনেও সেরা পাটকল হিসেবে পুরস্কৃত হয়েছে আকিজ জুট মিলস। বহুমুখী পাটপণ্য রফতানিতে সেরা প্রতিষ্ঠান হয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি।এছাড়া বহুমুখী পাটপণ্যে সেরা নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন তরঙ্গ এবং সেরা পুরুষ উদ্যোক্তা হয়েছেন মো. রাশেদুল করিম মুন্না। সেরা চারকোল রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে প্যানসিয়া কার্বন লিমিটেড।