Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সানারপাড় কান্দাপাড়া এলাকায় অবস্থিত টিএফ ফ্যাশন কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি মো. জসিম উদ্দিন (৪২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা এবং মৃত আবদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কারখানার প্রধান ফটকে দীর্ঘ সময় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে জানালার গ্রিল কেটে কারখানার ভেতরে প্রবেশ করে। সেখানে একটি মশারির ভেতর থেকে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com