চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (সিটিইসি)-এ আগামীকাল ৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ও আরএমজি খাতে ক্যারিয়ার গড়ার বিশেষ দিকনির্দেশনামূলক সেশন। ‘এক্সপ্লোরিং ক্যারিয়ার ইন টেক্সটাইল অ্যান্ড আরএমজি সেক্টর’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করেছে সিটিইসি ক্যারিয়ার ক্লাব ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের অডিটোরিয়ামে এই সেশনটি চলবে। এতে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং করপোরেট জগতের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেকে যোগ্য করে তোলার কৌশল নিয়ে আলোচনা করবেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক দিলিপ কুমার বৈদ্য, ইউনিফিল কম্পোজিট ডাইং মিলস লিমিটেডের চিফ ডিজাইনার এমডি শওকত হোসেন সোহেল, যমুনা গ্রুপের হুরাইন এইচটিএফ লিমিটেডের সিএমও আব্দুল হাকিম এবং ডেনিম ফোকস লিমিটেডের পরিচালক মাসুম রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোঃ সোলাইমান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেশনের পাশাপাশি থাকছে কুইজ ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রয়েছে সার্টিফিকেট, আকর্ষণীয় পুরস্কার এবং দিনব্যাপী বিশেষ ইন্ডাস্ট্রি ট্রেনিংয়ের সুযোগ। অনুষ্ঠানটি শুধুমাত্র সিটিইসি-র শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

