নোয়াখালী (টিইসিএন) ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. ইসরাক সাদমান। প্রতিযোগিতায় রানার-আপ হয়েছেন মোছা. হাবিবা হাসি। যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন দিপিতা বড়ুয়া ও আফিয়া আয়শা।
গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন ১০ জন প্রতিযোগী। এর আগে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অংশ নেওয়া ৫০ জনের মধ্য থেকে ১৮ জন পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হন। পরে সেমিফাইনাল রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতা শেষে তাঁদের মধ্য থেকে ১০ জন ফাইনালে জায়গা করে নেন। চূড়ান্ত পর্বে বক্তব্য উপস্থাপন ও বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর অধ্যক্ষ ও টিইসিএন ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা মো. আব্দুর রকিব।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সোসাইটির উপদেষ্টা প্রকৌশলী আনোয়ার হোসেন ও প্রকৌশলী নুসরাত জাহান।প্রতিযোগীদের বক্তব্য উপস্থাপন, চিন্তার গভীরতা ও প্রকাশভঙ্গিতে সন্তোষ প্রকাশ করেন বিচারকেরা। তাঁরা প্রতিযোগীদের এই চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বিকশিত করার পরামর্শ দেন।
টিইসিএন ডিবেটিং সোসাইটির সভাপতি রওশন জামিল চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আগ্রহ ও অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সাবলীলভাবে মত প্রকাশ এবং আত্মবিশ্বাসের সঙ্গে জনসমক্ষে কথা বলার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পাবলিক স্পিকিং ও যোগাযোগ দক্ষতা চর্চার আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।


