বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ডিন ও জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান দর্পণ চিরনিদ্রায় শায়িত হয়েছেন। উত্তরার ৪ নম্বর সেক্টর কবরস্থানে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে দাফন করা হয়। এর আগে বুটেক্স ক্যাম্পাস ও উত্তরায় মোট তিন ধাপে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ অক্টোবর) সকালে অধ্যাপক দর্পণের মরদেহ বুটেক্স প্রাঙ্গণে আনা হলে পুরো ক্যাম্পাসে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহকর্মী, সহপাঠী ও প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন। এ সময় তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে অধ্যাপক দর্পণের মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরার আজমপুরে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্ক মসজিদে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

বরেণ্য এই শিক্ষকের প্রয়াণে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন গভীর শোক জ্ঞাপন করেছেন। এ ছাড়া ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান বুটেক্সের ‘ফ্যাকাল্টি অব টেক্সটাইল ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং’-এর ডিন এবং ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরিচালক এবং তৎকালীন উপাচার্যের সফরকালে রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. মশিউর রহমান খান দর্পণ। তিনি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ও ফুসফুসজনিত জটিলতায় দীর্ঘদিন ভোগার পর চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com