নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট ‘টেক্সটাইল প্রিমিয়ার লিগ—সিজন ১’।
আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টেক্স এনিগমা ৪৮ এবং রানার্স-আপ হয় টেক্সটাইল টাইটানস।
টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং উৎসবমুখর পরিবেশ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। মাঠজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, দলীয় উদ্দীপনা ও খেলাধুলার প্রতি আগ্রহ টুর্নামেন্টটিকে স্মরণীয় করে রাখে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্পর্ক ও দলীয় চেতনা জোরদার করার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার মেজর এম. এ. রাজ্জাক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল আহমেদ এবং বিভাগের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক নজমুল ইসলাম, রাসেল হাওলাদার ও মজাহারুল ইসলাম। তাঁদের উপস্থিতিতে বিজয়ী দল ও ব্যক্তিগত পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন টেক্সঅন ৪৩ দলের আসিফ মোজাম্মেল অর্ণব। সেরা বোলারের পুরস্কার অর্জন করেন রয়্যাল স্ট্রাইকার্স ৪৩ দলের মো. তানভীর রানা। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন টেক্স এনিগমা ৪৮ দলের ফাহমিদ ইসলাম। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ও দৃষ্টিনন্দন পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন একই দলের তাসরিফ আহমেদ হিমেল।
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ টেক্সটাইল ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, দলীয় সমন্বয় এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে টেক্সটাইল প্রিমিয়ার লিগের প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিবেদক : মোঃ এহসানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ


