ঢাকার সাভারের আলোচিত রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ ও অবহেলার অভিযোগে করা দুর্নীতি মামলার রায় পিছিয়ে গেছে। বিচারক স্বপ্রণোদিত হয়ে মামলাটি রায়ের তালিকা থেকে উত্তোলন করে অধিকতর যুক্তিতর্কের জন্য আগামী ৬ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলার রায় ঘোষণার কথা ছিল।আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো পক্ষের আবেদন ছাড়াই বিচারক নিজ উদ্যোগে অধিকতর যুক্তিতর্কের প্রয়োজন মনে করায় মামলাটি রায়ের তালিকা থেকে তুলে নিয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন।

মামলায় ভবনমালিক সোহেল রানাসহ মোট আটজন আসামি রয়েছেন। অন্য আসামিরা হলেন—সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব।

আসামিদের মধ্যে সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান ও টাউন প্ল্যানার ফারজানা ইসলাম শুরু থেকেই পলাতক। অন্য আসামিরা জামিনে রয়েছেন। মূল অভিযুক্ত সোহেল রানা হত্যা মামলায় বর্তমানে কারাগারে থাকলেও এ দুর্নীতি মামলায় তিনি জামিনে আছেন। বিচার চলাকালে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন মারা যাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত এবং দেড় হাজারের বেশি মানুষ আহত হন। এই ঘটনার পর ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় মামলা করে দুদক। তদন্তে মূল তদারককারী হিসেবে সোহেল রানার নাম উঠে এলে তাঁকে অভিযোগপত্রে যুক্ত করা হয়। পরবর্তীতে ২০১৭ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com