বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) অত্যন্ত মর্যাদার সাথে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণসভা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশ ও দক্ষ জনশক্তি তৈরিতে বিইউএফটি-এর অসামান্য ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, যুগোপযোগী ও গবেষণানির্ভর আধুনিক শিক্ষাদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের তৈরি পোশাক খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। দেশের সামগ্রিক উন্নয়নে শিল্প ও শিক্ষা খাতের সমন্বয়ের ওপর জোর দিয়ে তিনি বলেন, শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি ও নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন; আইটিইটি-এর সিনিয়র সহ-সভাপতি ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমায়েল মুহাম্মদ মল্লিক এবং আইটিইটি-এর সাধারণ সম্পাদক ও আর. এইচ করপোরেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার এ. এস. এম. হাফিজুর রহমান (নিক্সন)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
এছাড়াও জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সের সদস্যবৃন্দ, গণঅভ্যুত্থানে শহীদ বিইউএফটি শিক্ষার্থী মোহাম্মদ সেলিম তালুকদারের পরিবারের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এই স্মরণসভায় অংশ নেন।

