শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ‘বুক রিডিং প্রতিযোগিতা- স্প্রিং ২০২৬’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।
বুধবার (১৫ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।ইংরেজি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৬১ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার আহ্বান জানান।বক্তব্যে ফারুক হাসান বলেন, নিয়মিত বই পড়ার অভ্যাস জ্ঞানকে সমৃদ্ধ করে, সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশে সহায়তা করে এবং ব্যক্তিগত ও বৌদ্ধিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের পাঠাভ্যাসকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ইংরেজি বিভাগের প্রধান মিসেস শাহরিয়ার পারভিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিইউএফটি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও কলা ও সমাজবিজ্ঞান অনুষদের (এফএএসএস) ডিন অধ্যাপক মো. মঈনুদ্দিন খান এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম।
বক্তারা প্রাতিষ্ঠানিক উৎকর্ষ, সৃজনশীলতা এবং আজীবন জ্ঞানার্জনের জন্য বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের পাঠাভ্যাসের মাধ্যমে নিজেদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সফল অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

