যুব নেতৃত্ব, সমাজসেবা এবং সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগিয়ে তুলতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে লিও ইয়ুথ কনফারেন্স ২০২৬। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এই সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত এবং বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। সভাপতিত্ব করেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি-র মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং বিশিষ্ট অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়ন এবং একটি মানবিক, প্রগতিশীল সমাজ গঠনে তরুণদের নেতৃত্ব, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং নাগরিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শিক্ষার্থীদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সম্মেলনের অংশ হিসেবে বিইউএফটি ক্যাম্পাসে জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এসব উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
যুব সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং জনসেবার মানসিকতা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী লিও ইয়ুথ কনফারেন্স ২০২৬ সফলভাবে সমাপ্ত হয়।

