বাংলাদেশের তৈরি পোশাক শিল্প গত চার দশকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। আশির দশকে যাত্রা শুরু করা এই শিল্প আজ বৈশ্বিক পোশাক রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের বড় অংশই আসে এই খাত থেকে। ২০২১–২২ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি হয়েছিল প্রায় ৪২ দশমিক ৬১৩ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানির প্রায় ৮২ শতাংশের কাছাকাছি। এ শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪০ লাখ মানুষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। তবে শুধু রপ্তানি আয়ের দিক থেকে নয়, উৎপাদনের ধরন ও মানের দিক থেকেও এই শিল্পে ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মূলত স্বল্পমূল্যের বা লো-এন্ড পোশাক উৎপাদনের জন্য পরিচিত থাকলেও এখন শিল্পটি ধীরে ধীরে উচ্চমূল্যের বা হাই-এন্ড পোশাক উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে।
বাংলাদেশের পোশাক শিল্পের শুরুটা ছিল খুবই সাধারণ ধরনের পণ্যের মাধ্যমে। টি-শার্ট, সাধারণ শার্ট, ট্রাউজার কিংবা সস্তা পোশাকই ছিল প্রধান উৎপাদন। এই ধরনের পণ্যের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা তুলনামূলক বেশি এবং মুনাফার পরিমাণও সীমিত। ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশি কারখানাগুলো কম মজুরি ও বড় আকারের শ্রমশক্তির ওপর নির্ভর করে উৎপাদন বাড়ানোর কৌশল গ্রহণ করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বেড়েছে, উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। ফলে শিল্পটিকে টিকিয়ে রাখতে এখন মানসম্মত ও প্রযুক্তিনির্ভর পণ্যের দিকে ঝুঁকতে হচ্ছে।
এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেখা যায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ঢাকা ইপিজেডে। দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সাধারণ ধরনের পোশাক উৎপাদনই বেশি ছিল।
তবে সাম্প্রতিক বছরগুলোতে এখানে উৎপাদনের ধরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক কারখানায় এখন শুধু সাধারণ পোশাক নয়, বরং স্যুট, ব্লেজার, স্পোর্টসওয়্যার এবং প্রযুক্তিনির্ভর পোশাক উৎপাদন শুরু হয়েছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য উচ্চমূল্যের এসব পোশাক তৈরি করতে উন্নত যন্ত্রপাতি, দক্ষ শ্রমিক এবং মান নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয়।
বিশ্ববাজারে বর্তমানে স্পোর্টসওয়্যার ও পারফরম্যান্সভিত্তিক পোশাকের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ ধরনের ফ্যাব্রিক, আর্দ্রতা নিয়ন্ত্রণ প্রযুক্তি কিংবা শরীরের আরাম বিবেচনায় তৈরি পোশাক এখন অনেক বেশি জনপ্রিয়। ঢাকা ইপিজেডের কিছু কারখানা ইতোমধ্যে এই ধরনের পণ্য উৎপাদনে দক্ষতা অর্জনের চেষ্টা করছে। একই সঙ্গে স্যুট ও ব্লেজারের মতো ফরমাল পোশাক তৈরিতেও সক্ষমতা বাড়ছে, যা আগে তুলনামূলকভাবে সীমিত ছিল। এসব পণ্যের মূল্য সাধারণ পোশাকের তুলনায় বেশি হওয়ায় রপ্তানি আয়ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
তবে এই রূপান্তর শুধু উৎপাদনের ধরন বদলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িত রয়েছে প্রযুক্তি, দক্ষতা এবং শিল্প ব্যবস্থাপনার পরিবর্তনও।
হাই-এন্ড পোশাক উৎপাদনের জন্য উন্নত মানের মেশিন, ডিজাইন সক্ষমতা এবং প্রশিক্ষিত শ্রমিক প্রয়োজন। ফলে অনেক কারখানা এখন প্রযুক্তি বিনিয়োগ ও শ্রমিক প্রশিক্ষণের দিকে গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক ক্রেতারাও এখন শুধু কম দামের পণ্য নয়, বরং মানসম্পন্ন ও টেকসই উৎপাদনের ওপর বেশি জোর দিচ্ছেন।তবে শিল্পের এই অগ্রগতির পাশাপাশি শ্রমিকদের বাস্তব পরিস্থিতির বিষয়টিও গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন ধরে গার্মেন্টস শিল্পের সাফল্যের পেছনে সস্তা শ্রম একটি বড় ভূমিকা পালন করেছে বলে শ্রমিক সংগঠনগুলো উল্লেখ করে থাকে। বর্তমানে ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলেও অনেক ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই মজুরির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে কর্মঘণ্টা, শ্রমিক সংগঠনের অধিকার এবং কর্মপরিবেশের বিষয়গুলোও আলোচনায় আসে।
রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। কিন্তু শ্রমিকদের জীবনমানের উন্নতি, সংগঠনের অধিকার এবং চলনসই মজুরির প্রশ্ন এখনও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে আছে। শিল্প যদি সত্যিই উচ্চমূল্যের পণ্যের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে দক্ষ শ্রমশক্তি ধরে রাখা এবং তাদের কাজের পরিবেশ উন্নত করাও অপরিহার্য হয়ে ওঠে।বাংলাদেশের গার্মেন্টস শিল্প এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে উৎপাদনের মান উন্নয়নের প্রয়োজনীয়তাও বাড়ছে। ঢাকা ইপিজেডের মতো শিল্পাঞ্চলে সাধারণ পোশাক থেকে স্যুট, ব্লেজার, স্পোর্টসওয়্যার এবং প্রযুক্তিনির্ভর পোশাক উৎপাদনের অগ্রগতি সেই পরিবর্তনের ইঙ্গিত দেয়।
এই রূপান্তর সফল হলে বাংলাদেশ শুধু সস্তা শ্রমনির্ভর পোশাক উৎপাদনকারী দেশ হিসেবেই নয়, বরং উচ্চমূল্যের ও মানসম্মত পোশাক উৎপাদনের ক্ষেত্রেও বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। তবে সেই পথকে টেকসই করতে হলে উৎপাদনের মানোন্নয়নের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও জীবনমানের বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

