বাংলাদেশ নিটওয়্যার খাতের সক্ষমতা বাড়াতে এবং উদ্ভাবনমূলক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের (টিআইই) সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বিকেএমইএ-র ঢাকা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এবং নির্বাহী সভাপতি ফজলুল শামীম এহসান। অনুষ্ঠানে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় বিকেএমইএ ‘ইন অ্যাসোসিয়েশন পার্টনার’ হিসেবে টিআইই-র গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্যোগে অংশ নেবে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো— পিআইআইসি (PIIC), টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ডস, টেক্সটাইল ইনোভেশন এক্সপো এবং বার্ষিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। এই সহযোগিতার মূল লক্ষ্য হলো দেশের নিটওয়্যার খাতে উদ্ভাবনী মানসিকতা তৈরি করা।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতের বাজারে টিকে থাকতে হলে কেবল কম খরচের ওপর নির্ভর না করে উদ্ভাবনের দিকে মনোযোগ দেওয়া জরুরি।উদ্যোগটির অধীনে বিকেএমইএ তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করবে এবং টিআইই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক উদ্ভাবনী সরঞ্জাম সরবরাহ করবে।
এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর প্রায় ৬০০ থেকে ৮০০ জন মধ্য ও উচ্চ পর্যায়ের দক্ষ পেশাদার তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল খাত আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

