বাংলাদেশ পুলিশের বর্তমান নতুন ইউনিফর্ম নিয়ে বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের জন্য আগের ঐতিহ্যবাহী পোশাকগুলোর যেকোনো একটি ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়; বরং পুলিশ হবে জনগণের বন্ধু। বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবামুখী ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের মাধ্যমে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা এবং কাঠামোগত সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এর সুফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ শেষে এবার মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে যোগ দিতে যাচ্ছেন।

