মিরর ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৪৪:১১ অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী পোশাক শিল্প সংশ্লিষ্ট ১৬ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বৃহস্পতিবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান খান বলেন, জাতীয় সংসদে নিজ নিজ এলাকার উন্নয়ন নিয়ে কথা বলার পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্যদের পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এ খাতের অগ্রগতি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করে।
বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, শিল্প-সংশ্লিষ্ট সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে শিল্পবান্ধব নীতি প্রণয়নে অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।উল্লেখ্য, পোশাক শিল্প পরিবারের প্রতিনিধিত্বকারী ১৬ জন সংসদ সদস্য এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন। বিজিএমইএ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়।






