নতুন স্বপ্ন, সম্ভাবনা ও একাডেমিক যাত্রার প্রত্যাশা নিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এ স্প্রিং সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) ঢাকার তুরাগের নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ক্লাসিক্যাল হ্যান্ডমেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ বিন আব্দুস সালাম এবং কাইজার বেকলাইডুংস জিএমবিএইচ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির।
উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবি খান স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং একাডেমিক জীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সমাপ্তিতে ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন স্টাডিজ অনুষদ, বিজনেস স্টাডিজ ও আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদ, ইঞ্জিনিয়ারিং স্টাডিজ অনুষদ, সায়েন্সেস ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদ এর ডিন গণ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এছাড়া একজন নবাগত ও একজন বর্তমান শিক্ষার্থী নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান অর্থ কর্মকর্তা, জনসংযোগ পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, বিআইএফটি পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান, লাইব্রেরিয়ান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply