সাভার ও আশুলিয়ার পৃথক স্থান থেকে এক গার্মেন্টস শ্রমিকসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তুরাগ এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় রোখমা নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

