বাংলাদেশ ও ভারতের বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ভারতের দ্য কটন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (টেক্সপ্রোসিল) এই চুক্তিতে সই করেছে।
গত ১৪ জুলাই ২০২৬ তারিখে নতুন দিল্লির ‘ভারত টেক্স’-এ এই ঐতিহাসিক চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেএমইএ-এর পক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এবং টেক্সপ্রোসিল-এর পক্ষে এর নির্বাহী পরিচালক ড. সিদ্ধার্থ রাজাগোপাল সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দুই দেশের সরকার ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী ও নিবিড় সহযোগিতার মাধ্যমে তৈরি পোশাক ও বস্ত্র খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে।বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি এহসান ফজলি শামীম বলেন, ভারতের ক্রমবর্ধমান মধ্যবিত্ত জনসংখ্যার কারণে সেখানে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানির একটি বড় ও সম্ভাবনাময় বাজার তৈরি হচ্ছে, যার ইতিবাচক প্রবৃদ্ধিও আমরা লক্ষ্য করছি।
অন্যদিকে, বাংলাদেশও ভারতের তুলা, কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার), রং, রাসায়নিকসহ বিভিন্ন কাঁচামালের অন্যতম প্রধান বাজার। আমরা বিশ্বাস করি, উভয় দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে পারস্পরিক সুফল বয়ে আনতে পারে।বিকেএমইএ মনে করে, এই অংশীদারিত্বের ফলে আন্তর্জাতিক সহযোগিতা, ব্যবসায়িক নেটওয়ার্কিং বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিত হবে।
এটি দুই দেশের নিটওয়্যার ও টেক্সটাইল শিল্পের সামগ্রিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত টেক্সপ্রোসিল হলো ভারতের একটি স্বায়ত্তশাসিত ও অলাভজনক রফতানি উন্নয়ন কাউন্সিল। এটি বিশ্বব্যাপী সুতি বস্ত্র রফতানি বাড়াতে এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ভারতীয় সরবরাহকারীদের সংযোগ স্থাপনে কাজ করে থাকে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর পরিচালক জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, রাজীব চৌধুরী, প্রকৌশলী মো. বেলায়েত হোসেন রিপন, এম ইশফাক আহসান, মো. মনিরুজ্জামান এবং আব্দুল বারেক। এছাড়া বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (বায়লা)-এর প্রথম সহ-সভাপতি হাসিন আরমানও এই অনুষ্ঠানে অংশ নেন।

