⁠বাণিজ্য

আদিত্য বীরলা সংযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করল বিজিএমইএ

  মিরর ডেস্ক ৪ মার্চ ২০২৬ , ৭:০২:৫২ অনলাইন সংস্করণ

রপ্তানি বিল পরিশোধ না করার অভিযোগে আদিত্য বীরলা গ্রুপ–সংযুক্ত স্টাইলভার্স লাইফস্টাইল প্রাইভেট লিমিটেডের সঙ্গে নতুন ব্যবসায়িক চুক্তি স্থগিতের নির্দেশ দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

গত মাসে সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএ জানায়, ৪ লাখ ২৬ হাজার ডলার বকেয়া অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত স্টাইলভার্স লাইফস্টাইল প্রাইভেট লিমিটেড ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কোনো নতুন লেনদেন করা যাবে না। পাশাপাশি সংগঠনের পূর্বানুমতি ছাড়া প্রতিষ্ঠানটির অনুকূলে ইউডি ও ইউপি সনদ ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, স্টাইলভার্স লাইফস্টাইল প্রাইভেট লিমিটেডে আদিত্য বীরলা গ্রুপের ৫১ শতাংশ মালিকানা রয়েছে। ডুকাটি অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া বলেন, প্রায় আড়াই বছর ধরে ভারতীয় ক্রেতা প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে পণ্য কিনছিল। ২০২৪ সালের ডিসেম্বরে তারা ৯৪ হাজার পিস পুরুষদের জগার্স ও কার্গো ট্রাউজারের অর্ডার দেয়। উৎপাদন শেষে মুম্বাই থেকে প্রতিনিধি এসে পণ্য পরিদর্শন ও গ্রহণ করেন। পরে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য ভারতে পাঠানো হয়।

চুক্তি অনুযায়ী কাস্টমস ছাড়ের পাঁচ কর্মদিবসের মধ্যে পণ্য গ্রহণ নিশ্চিত করার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে ক্রেতা পণ্যের মান নিয়ে আপত্তি তোলে। তিনি ভারতে গিয়ে মান যাচাইয়ের প্রস্তাব দিলেও প্রতিষ্ঠানটি তাতে সাড়া দেয়নি।খায়ের মিয়ার দাবি, পরে কোম্পানিটি অন্য ক্রেতার কাছে পণ্য বিক্রির প্রস্তাব দেয়। পুনরায় বিক্রির উদ্যোগ নেওয়া হলেও ব্র্যান্ড ট্যাগ–সংক্রান্ত কারণ দেখিয়ে পণ্য ছাড়েনি তারা। শেষ পর্যন্ত পণ্য ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হলেও তা সম্ভব হয়নি। দেশে ফিরে তিনি বিষয়টি বিজিএমইএকে লিখিতভাবে জানান।

তিনি বলেন, রপ্তানি আয় দেশে না এলে অর্থপাচারের অভিযোগ এবং বন্ড লাইসেন্সের শর্ত ভঙ্গের ঝুঁকি তৈরি হয়।সালিস বৈঠকে অংশ নেয়নি স্টাইলভার্সঅভিযোগ পাওয়ার পর বিজিএমইএ স্টাইলভার্স লাইফস্টাইল প্রাইভেট লিমিটেডকে চিঠি দেয় এবং বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় ভারতীয় হাইকমিশন ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করে। ঢাকায় সালিস বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হলেও প্রতিষ্ঠানটি তাতে অংশ নেয়নি; বরং সংগঠনের কাছে আইনি নোটিশ পাঠায়।

বিজিএমইএ আরও জানায়, দ্য ইন্ডিয়ান গ্যারেজ কো., আদিত্য বীরলা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেড এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গেও যোগাযোগ করা হলেও এখনো অগ্রগতি হয়নি।সংগঠনটির ভাষ্য, বকেয়া অর্থ আদায় না হওয়ায় ডুকাটি অ্যাপারেলস লিমিটেড আর্থিক চাপে পড়েছে। তাই সদস্যদের সতর্ক করে বলা হয়েছে, নির্দেশ অমান্য করে নতুন চুক্তি করলে সম্ভাব্য জটিলতার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই নিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।উল্লেখ্য, আদিত্য বীরলা গ্রুপ ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, যাদের ব্যবসা ধাতু, সিমেন্ট, টেক্সটাইল, আর্থিক সেবা ও খুচরা খাতে বিস্তৃত। ডুকাটি অ্যাপারেলস লিমিটেড হায়াসিন্থ গ্রুপের একটি প্রতিষ্ঠান, যা ডেনিম ট্রাউজার, ওভেন বটমস ও টি-শার্ট উৎপাদন করে।

আরও খবর

Sponsered content