টেক্সটাইল শিল্পে ফিনিশিং প্রক্রিয়া কাপড়ের চূড়ান্ত গুণগত মান ও ব্যবহারযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতা থেকে কাপড় তৈরি হওয়ার পর বিভিন্ন ধরনের ফিনিশিং প্রয়োগের মাধ্যমে কাপড়কে নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া হয়। যেমন নমনীয়তা, চকচকে ভাব, পানি প্রতিরোধ ক্ষমতা বা অগ্নি প্রতিরোধ ক্ষমতা। এইসব বিশেষ ফিনিশিংয়ের মধ্যে ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা কাপড়কে আগুনের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং কী?
ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং হলো এমন একটি টেক্সটাইল প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ কাপড়ে প্রয়োগ করা হয়, যাতে কাপড় আগুনের সংস্পর্শে সহজে জ্বলে না বা ধীরে জ্বলে। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে যায় এবং ব্যবহারকারীর জন্য ঝুঁকি অনেকটাই হ্রাস পায়।সাধারণ কাপড়ে আগুন ধরলে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং করা কাপড় আগুনের তীব্রতা কমিয়ে দেয় এবং আগুনের বিস্তারকে ধীর করে। তাই নিরাপত্তার ক্ষেত্রে এই প্রযুক্তির গুরুত্ব অত্যন্ত বেশি।
ইতিহাসের পাতা থেকে
কাপড়কে আগুন থেকে রক্ষা করার ধারণা নতুন নয়। প্রাচীন মিশর ও রোমান সভ্যতায় মানুষ কাপড়কে আগুন প্রতিরোধী করার জন্য বিভিন্ন প্রাকৃতিক পদার্থ ব্যবহার করত। সে সময় মাটি বা কাদা এবং অ্যালামের মতো পদার্থ কাপড়ে লাগানো হতো, যাতে কাপড় সহজে আগুন না ধরে।
পরবর্তীতে শিল্প বিপ্লবের সময় টেক্সটাইল উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়। এই সময় বিজ্ঞানীরা কাপড়কে আগুন প্রতিরোধী করার জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করতে শুরু করেন। ইতিহাসে উল্লেখ রয়েছে যে ১৭৩৫ সালে প্রথমবারের মতো অ্যালাম ও অন্যান্য লবণ ব্যবহার করে কাপড়ে ফ্লেম রিটার্ডেন্ট ট্রিটমেন্ট করা হয়।
১৯শ শতকে অ্যামোনিয়াম ফসফেটের মতো বিভিন্ন অজৈব লবণ ব্যবহারের মাধ্যমে এই প্রযুক্তি আরও জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ২০শ শতকে আধুনিক রাসায়নিক গবেষণার ফলে ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং আরও উন্নত ও কার্যকর হয়ে ওঠে।
কীভাবে কাজ করে?
এই প্রযুক্তিফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং মূলত কয়েকটি ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। প্রথমত, কিছু রাসায়নিক তাপ শোষণ করে কাপড়ের তাপমাত্রা কমিয়ে দেয়। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তাপ শোষণ করে আগুনের তীব্রতা কমাতে সাহায্য করে।
দ্বিতীয়ত, কিছু রাসায়নিক কাপড়ের উপর একটি কার্বন স্তর তৈরি করে, যাকে চার ফরমেশন বলা হয়। এই স্তর আগুনের বিস্তারকে বাধা দেয় এবং কাপড়কে দ্রুত পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। ফসফরাস, বোরন ও নাইট্রোজেনযুক্ত যৌগ এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।
তৃতীয়ত, কিছু রাসায়নিক তাপের প্রভাবে বিশেষ গ্যাস নির্গত করে। নাইট্রোজেন বা হ্যালোজেন ভিত্তিক যৌগ তাপীয় বিক্রিয়ার মাধ্যমে এমন গ্যাস তৈরি করে যা দাহ্য গ্যাসকে পাতলা করে এবং অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়। এর ফলে আগুনের বিস্তার ধীর হয়ে যায়।
ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিংয়ের প্রয়োগ পদ্ধতি
টেক্সটাইল শিল্পে এই ফিনিশিং বিভিন্ন পদ্ধতিতে প্রয়োগ করা হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হলো প্যাড-ড্রাই-কিউর প্রক্রিয়া। এতে কাপড়কে ফ্লেম রিটার্ডেন্ট কেমিক্যালের দ্রবণে ডুবিয়ে পরে রোলারের মাধ্যমে অতিরিক্ত দ্রবণ বের করে দেওয়া হয়। এরপর শুকানো এবং উচ্চ তাপে কিউরিং করে রাসায়নিককে স্থায়ী করা হয়।
আরেকটি পদ্ধতি হলো কোটিং, যেখানে কেমিক্যালকে বাইন্ডার ও থিকনারের সাথে মিশিয়ে কাপড়ের উপর একটি প্রলেপ হিসেবে লাগানো হয়।স্প্রে পদ্ধতিতে রাসায়নিক তরল সরাসরি কাপড়ের উপর স্প্রে করে প্রয়োগ করা হয়। ভারী কাপড় বা নির্দিষ্ট অংশে ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর।
ডিপিং বা ইমার্সন পদ্ধতিতে কাপড়কে নির্দিষ্ট সময়ের জন্য রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয় যাতে কেমিক্যাল ফাইবারের ভেতরে প্রবেশ করতে পারে।এছাড়াও ফোম ফিনিশিং এবং এক্সহস্টশন পদ্ধতিও ব্যবহার করা হয়, যেখানে কেমিক্যাল ফোম আকারে বা ডাইং বাথের মতো পরিবেশে ফাইবারে শোষিত হয়।
কোথায় ব্যবহার হয়
ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং মূলত সেইসব ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে আগুনের ঝুঁকি বেশি। যেমন অগ্নিনির্বাপক কর্মীদের পোশাক, শিল্প কারখানার সুরক্ষা পোশাক, হাসপাতালের পর্দা ও বিছানার চাদর, কার্পেট এবং বিভিন্ন ধরনের পর্দা।
এছাড়া বিমান ও গাড়ির অভ্যন্তরীণ কাপড় তৈরিতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুবিধা ও সীমাবদ্ধতা
ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং আগুনের ঝুঁকি কমিয়ে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। শিল্প ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো এবং কাপড়ের ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ।
তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কিছু ফ্লেম রিটার্ডেন্ট রাসায়নিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া বারবার ধোয়ার ফলে অনেক সময় ফিনিশিংয়ের কার্যকারিতা কমে যেতে পারে এবং এই প্রযুক্তির খরচও তুলনামূলক বেশি।
ভবিষ্যতের সম্ভাবনা
সব দিক বিবেচনায় ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং আধুনিক টেক্সটাইল শিল্পে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আগুনের ঝুঁকি কমিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে গবেষকরা পরিবেশবান্ধব ও টেকসই ফ্লেম রিটার্ডেন্ট প্রযুক্তি উন্নয়নের ওপর জোর দিচ্ছেন। ভবিষ্যতে নতুন উদ্ভাবন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে এই খাতে আরও নিরাপদ ও কার্যকর সমাধান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

