তৈরি পোশাক খাতে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) কারখানাগুলোকে টিকিয়ে রাখতে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি শেহাব উদ্দুজা চৌধুরী বলেন, ব্যাংকিং জটিলতা ও এলসি সমস্যার কারণে অনেক এসএমই কারখানা সংকটে পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর জন্য কাজ চলছে।
তিনি আরও জানান, এফওসি (FOC) নীতিমালা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর সীমা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি এসএমই খাতের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলছে।
বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, এসএমই খাতকে শক্তিশালী করতে সরকার, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। সহজ শর্তে ঋণ, কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ এবং বন্ড সুবিধা সম্প্রসারণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত নেতারা জানান, এসএমই খাতকে সচল রাখতে এবং কোনো কারখানা যাতে বন্ধ না হয়, সে লক্ষ্যে বিজিএমইএ কাজ চালিয়ে যাচ্ছে।

