দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচয় অনেকটাই একপেশে একটি ধারণার মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক ক্ষেত্রেই দেশটিকে কেবল কম খরচের উৎপাদন কেন্দ্র হিসেবে দেখা হয়েছে, যেখানে শ্রমিক শোষণ, শিল্প দুর্ঘটনা এবং দামের তীব্র প্রতিযোগিতার বিষয়গুলোই বেশি আলোচিত হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলাচ্ছে। বাস্তবে বাংলাদেশের শিল্প খাত এখন অনেক বেশি বিস্তৃত, আধুনিক এবং পরিবর্তনশীল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার এই সময়ে দেশের শিল্পনীতি নতুনভাবে ভাবার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচয়ও নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, একটি দেশের ব্র্যান্ডিং কেবল প্রচারণার বিষয় নয়; এটি বিনিয়োগ, ক্রেতাদের আস্থা, পর্যটন, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক কোম্পানির দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের ওপরও বড় প্রভাব ফেলে। যেসব দেশ নিজেদের শক্তি ও সম্ভাবনার গল্প স্পষ্টভাবে তুলে ধরতে পারে, তারা বৈশ্বিক অংশীদারিত্বে এগিয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে—প্রয়োজন শুধু সমন্বিত ও আত্মবিশ্বাসী উদ্যোগ।
এই পরিবর্তনের গল্প শুরু করা যেতে পারে তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে। গত দুই দশকে এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশকে বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তবে এই সাফল্যকে শুধু কম খরচের উৎপাদনের গল্পে সীমাবদ্ধ রাখলে পুরো বাস্তবতা ধরা পড়ে না। কারণ দেশের পোশাক শিল্প এখন ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব শিল্পে রূপ নিচ্ছে।
বাংলাদেশে এখন বিশ্বের অন্যতম বড় সংখ্যক সবুজ পোশাক কারখানা রয়েছে। আধুনিক অবকাঠামো, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এসব কারখানা টেকসই শিল্প ব্যবস্থার নতুন দৃষ্টান্ত তৈরি করছে। এটি দেখায় যে দেশের উৎপাদন খাত শুধু আকারে বড় হয়নি, বরং মান ও সক্ষমতার দিক থেকেও এগিয়ে যাচ্ছে।
জ্বালানি ব্যবস্থার ক্ষেত্রেও পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। অনেক পোশাক কারখানা এখন ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করছে এবং নবায়নযোগ্য জ্বালানিকে ভবিষ্যতের কৌশল হিসেবে গুরুত্ব দিচ্ছে। এতে শুধু উৎপাদন ব্যয় কমছে না, আন্তর্জাতিক অঙ্গনে পরিবেশবান্ধব শিল্প হিসেবে বাংলাদেশের পরিচয়ও শক্ত হচ্ছে। কারণ বর্তমানে বৈশ্বিক ক্রেতা ও বিনিয়োগকারীরা কার্বন নিঃসরণ, জ্বালানি ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের পরিবেশগত প্রভাবের দিকে আগের চেয়ে অনেক বেশি নজর দিচ্ছেন।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন ব্র্যান্ডিং শুরু হতে পারে দায়িত্বশীল ও টেকসই পোশাক উৎপাদনের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে নিজেদের তুলে ধরার মাধ্যমে। দেশের বিশাল শ্রমশক্তি, ক্রমবর্ধমান শিল্পভিত্তি এবং উদ্যমী তরুণ জনগোষ্ঠী এই সম্ভাবনার মূল শক্তি। বাংলাদেশকে এমন একটি তরুণ ও গতিশীল শিল্প অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরা যেতে পারে, যা ধীরে ধীরে উচ্চমূল্যের উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে।
তবে টেক্সটাইল, প্রযুক্তিনির্ভর কাপড়, কৃত্রিম তন্তু, পুনর্ব্যবহার শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস এবং অন্যান্য উচ্চমূল্যের উৎপাদন খাতেও সমানভাবে সম্ভাবনা তৈরি করতে হবে। কারণ বিশ্বের অন্যতম বড় পোশাক শিল্প গড়ে তোলা সম্ভব হলে অন্য শিল্প খাতেও শক্ত ভিত্তি তৈরি করা অসম্ভব নয়।
অবশ্য নতুন ব্র্যান্ডিং কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রথমেই ঠিক করতে হবে—আগামী দশকে বাংলাদেশ কী জন্য বিশ্বে পরিচিত হতে চায়। প্রতিযোগিতামূলক উৎপাদন, টেকসই শিল্প, তরুণ দক্ষ জনশক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং নির্ভরযোগ্য শিল্প পরিবেশ—এই কয়েকটি ভিত্তির ওপর নতুন পরিচয় দাঁড়াতে পারে। এরপর সরকার, দূতাবাস, বাণিজ্য সংস্থা ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোকে একই বার্তা বিশ্বে তুলে ধরতে হবে।
এছাড়া ব্র্যান্ডিংকে হতে হবে প্রমাণভিত্তিক। তথ্য, গবেষণা, সফল কারখানার উদাহরণ, জ্বালানি ব্যবহারের পরিসংখ্যান, শ্রমশক্তির তথ্য এবং রপ্তানি প্রবৃদ্ধির মতো বাস্তব তথ্য দিয়ে বাংলাদেশের গল্প তুলে ধরতে হবে। আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য নিয়মিত একটি প্রতিযোগিতা সক্ষমতা ও ব্র্যান্ডিং প্রতিবেদন প্রকাশ করাও হতে পারে কার্যকর উদ্যোগ।
একই সঙ্গে দেশের সাফল্যের গল্পগুলোও বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। সবুজ কারখানা, সৌরবিদ্যুৎ ব্যবহার, পানি সাশ্রয় প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত শ্রমমান—এসব অর্জন আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বিনিয়োগ সম্মেলন এবং বৈশ্বিক গণমাধ্যমে তুলে ধরা জরুরি। ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করাও সমান গুরুত্বপূর্ণ। দ্রুত অনুমোদন প্রক্রিয়া, স্বচ্ছ প্রশাসন, দক্ষ কাস্টমস ব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং সহজ জমি প্রাপ্তি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
সবশেষে, দেশের শিল্প উন্নয়ন কৌশলকে সবুজ অর্থনীতির সঙ্গে যুক্ত করতে হবে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রেই রয়েছে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব উৎপাদন। তাই সৌরবিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, বর্জ্য পানি পরিশোধন এবং টেক্সটাইল পুনর্ব্যবহার অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া জরুরি।
বাংলাদেশের গল্প কেবল নীতিনির্ধারকদের বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাষ্ট্রদূত, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়, উদ্যোক্তা—সবাইকে এই নতুন গল্পের অংশ হতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বৈশ্বিক গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের এই পরিবর্তনের গল্প তুলে ধরতে হবে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভাবমূর্তি অনেকাংশে বাইরের দৃষ্টিভঙ্গি এবং অতীতের কিছু নেতিবাচক ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছে। এখন সময় এসেছে—বাংলাদেশ নিজের শক্তি, সাফল্য এবং সম্ভাবনার গল্প বিশ্বকে নতুনভাবে জানাক।
লেখক: Mostafiz Uddin, ব্যবস্থাপনা পরিচালক, Denim Expert Limited; প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, Bangladesh Denim Expo এবং Bangladesh Apparel Exchange।
অনুবাদঃ বখতিয়ার নাসিফ আহাম্মেদ

